চট্টগ্রামে বাসে আগুন
বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি খালি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চান্দগাঁও থানার পরিদর্শক মো. শহীদ জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
বাসটি খালি থাকায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
পরিদর্শক শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর ১০ নম্বর রুটে চলাচল করা গাড়িটি ফিলিং স্টেশনের সামনে দাঁড় করিয়ে চালক ও তার সহকারী দুপুরের খাবার খেতে যায়।
“এ সময় দুর্বৃত্তরা খালি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি গাড়ি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান শহীদ।
