গাজীপুরে পোশাক শ্রমিকদের বাসে আগুন
বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধে মধ্যে হরতালে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই বাস দিয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আনা-নেওয়া করা হয়। তেলিপাড়া এলাকায় রাস্তার পাশে রাখা অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়।
“রাতে গাড়িতে চালক ও তার সহকারী ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে তারা গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি।”
আগুনে বাসের ভেতরের অধিকাংশ সিট পুড়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায় বলে শাহিন জানান।
হরতালকারীরা কেরোসিন বা পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
