শাহবাগে গণজাগরণ মঞ্চের সভায় বোমা হামলা
শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মসূচি চলাকালে দুই দফা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দুই বছর ধরে চলমান আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বক্তব্য চলার সময় হাতবোমার বিস্ফোরণ হয়।
কিছুক্ষণের জন্য বক্তব্য থামালেও পরে আবার কথা বলা শুরু করেন ইমরান। এসময় সমবেত নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন।
এর পর বিক্ষোভ মিছিলের পরপর আরও একটি হাতবেমা বিস্ফোরণ ঘটে একই স্থানে।
ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্চের মাত্র দুই গজ পেছনে হাতবোম ছুড়ে দুর্বৃত্তরা। এসময় আহত হন এক ব্যক্তি।
“এভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। যুদ্ধাপরাধীদের বিচার ও সহিংসতার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
তবে বোমা বিস্ফোরণের কথা স্বীকার করলেও কেউ হতাহত হননি বলে দাবি করেন শাহবাগ থানার ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন ফরাজী।
এদিকে দুপুরে গুলশান ডিসিসি মার্কেটের সামনের ফুটপাতে ফলের দোকানের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক জরিনা আক্তার (৫০) মার্কেট সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতাকর্মী।
গুলশান থানার এসআই মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুরে ডিসিসি মার্কেটের সামনে ফুটপাতে গড়ে ওঠা একটি ফলের দোকানের সামনে হঠাৎ বিকট শব্দে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। ”
সেই সময় ফল ব্যবসায়ীরা ওই নারীকে ধরে পুলিশে সোপর্দ করে বলে জানান তিনি।
মোস্তাফিজুর বলেন, “ফল ব্যবসায়ীরা দাবি করছে, জরিনা দোকানের সামনে একটি ছোট ব্যাগ রাখার পরই বিস্ফোরণ হয়। তবে জরিনা তা অস্বীকার করছে।
পুলিশ ঘটনাস্থল থেকে কোনো হাতবোমা বা বিস্ফোরক পায়নি জানিয়ে তিনি বলেন, জরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
আগে সহিংসতা বন্ধে, জামায়াত নিষিদ্ধ করতে সংলাপ চাই
শাহবাগের সমাবেশে সহিংসতা বন্ধ এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার জন্য জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, “আজকে রাজনৈতিক সংলাপের কথা ওঠে। অথচ যারা চলমান অবরোধে মানুষকে হত্যা করে দর্পে ঘুরে বেড়াচ্ছে অথাৎ মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে তাদের বিচারে কোনো সংলাপ বা আলোচনা নেই।
“প্রশ্ন হচ্ছে, আজকে যদি গণতন্ত্র রক্ষায় সংলাপে প্রয়োজন হয়। তাহলে আমি মনে করি, গণতন্ত্র রক্ষার আগে সহিংসতা বন্ধে এবং জামায়াত-শিবির নিষিদ্ধে জাতীয় সংলাপ হওয়া প্রয়োজন রয়েছে।”
রাজনীতিবিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এই উদ্যোগ নিতে ব্যর্থ হলে, প্রয়োজনে গণজাগরণ মঞ্চ এই উদ্যোগ নিতে পারে।”
