২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল-অবরোধের নামে নৈরাজ্য বন্ধের নির্দেশ

টানা দেড় মাস ধরে বিএনপি জোটের কর্মসূচিতে নাশকতা ও প্রাণহানির প্রেক্ষাপটে ‘হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য রোধে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 01:58 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

আদালতের আদেশ সবার জন্যই: সুরঞ্জিত
ফাঁসির দণ্ড রেখে সহিংসতা বন্ধের আইন আসছে: সুরঞ্জিত
হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবি ব্যবসায়ীদের
বিদ্যমান আইনে সহিংসতার বিচার সম্ভব: এবিএম খায়রুল
জনগণ চাইলে হরতাল বন্ধে আইন: মন্ত্রী

পাশাপাশি ‘নৃশংস অবরোধ’ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ‘নৈরাজ্য’ বন্ধের ব্যবস্থা নিতে রোববার এই রুল জারি করেন। 

বিএনপি জোটের চলমান অবরোধ-হরতালে নাশকতার চিত্র তুলে ধরে শাহীনুর রহমান শাহীন নামে কেরানীগঞ্জের এক ব্যবসায়ী রিট আবেদন করলে আদালতের এই আদেশ আসে।

অবরোধ ডাকা ব্যক্তিদের এজেন্ট হিসাবে কাজ করা অবরোধ-হরতাল সমর্থকদের পেট্রোল বোমা, ককটেলে শারিরীক ভোগান্তির শিকার এবং ভাংচুর ও জ্বলে যাওয়া গাড়িসহ সম্পত্তির ক্ষতির শিকার ব্যক্তিদের প্রধানমন্ত্রীর মাধ্যমে যথাযথ ক্ষতিপূরণ প্রদানে কেন বিবাদী ২০ দলীয় নেতাদের নির্দেশনা দেয়া হবে না, তাও জানাতে বলেছে আদালত।

বিবাদী ২০ দলীয় নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে ক্ষতিপূরণের অর্থ সংগ্রহে বিবাদী সরকারি কর্মকর্তা বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানাতে বলা হয়।

মানুষের শারিরীক, মানসিক ও অর্থনৈতি ক্ষতির জন্য বিবাদী ২০ দলীয় নেতাদের থেকে জরিমানা আদায়ে কেন নির্দেশ দেয়া হবে না এবং ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া অবরোধের শিকার হয়ে মৃত্যুবরণকারী ও অক্ষম হয়ে যাওয়া ব্যক্তিদেরকে/উত্তরাধিকারীকে তা পরিশোধে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

২০ দলের নেতাদের মধ্যে খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, সালাহ উদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, আব্দুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, মওদুদ আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু, খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, অলি আহমেদের সঙ্গে বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীকেও এই রুলের জবাব দিতে হবে।

এমন এক সময়ে আদালতের এই নির্দেশনা এল, যখন রাজনৈতিক অস্থিরতা থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে ব্যবসায়ীরা আইন করে হরতাল-অবরোধ বন্ধের দাবি জানাচ্ছেন। ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও বলা হয়েছে, জনগণ চাইলে হরতাল বন্ধে আইন হবে।

আদালতের রুলে মাঝে মাঝে ডাকা জবরদস্তিমূলক বাস্তবায়িত হরতাল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানাতে বলা হয়েছে।

সর্ব শক্তি দিয়ে যে কোনো মূল্যে মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির রক্ষায় কেন বিবাদী সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সকল বিভাগীয় কমিশনার, সব জেলার ডিসি, সব জেলা পুলিশ সুপার এই রিটে বিবাদীদের মধ্যে রয়েছেন।

 

অন্য এক রিটে হরতাল-অবরোধের মধ্যে মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে একই আদালত। এক্ষেত্রে কেউ বাধা দিলে ‘সিরিয়াস ব্যবস্থা’ নিতে বলা হয়েছে।

এছাড়া হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি চলাকালে ‘শিক্ষার জন্য ক্ষতিকর কার্যক্রম’ কেন ‘অবৈধ ও অসাংবিধানিক’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

এই রিটেও স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, ডিএমপি কমিশনার, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে বিবাদী করা হয়েছে।

কেরানীগঞ্জের ইস্পাহানি স্কুলের ম্যানেজিং কমিটির পক্ষে শফিউল আজম খান বারকু এই রিট আবেদন করেন।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ চালিয়ে আসছে। এরই মধ্যে ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই চলছে হরতাল।

অবরোধ ও হরতালের মধ্যে নাশকতা ও সহিংসতায় এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নিহত হয়েছেন পেট্রোল বোমায় দগ্ধ হয়ে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক দলগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

 

চলমান মাধ্যমিক পরীক্ষার মধ্যে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দিতে সরকার, শিক্ষক ও অভিভাবকদের আহ্বানেও বিএনপি জোট সাড়া দেয়নি। 

এর আগে নির্বাচন সামনে রেখে ২০১৩ সালে বছরজুড়ে সংঘাত সহিংসতার কারণে ব্যবসায়ীরা আইন করে হরতাল বন্ধের দাবি জানিয়েছিলেন একাধিকবার।

আর এবার অবরোধের প্রথম ৩৩ দিনে দেশের অর্থনীতির ৭৫ হাজার কোটি টাকা ক্ষতির হিসাব তুলে ধরে আবারও একই দাবি তোলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তসহ ক্ষমতাসীন দলের অনেকেই হরতাল নিষিদ্ধের এ দাবিকে সমর্থন করেছেন। 

হরতাল-অবরোধের নামে রাজনৈতিক সহিংসতা বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সরকার নতুন একটি আইন করার কথা ভাবছে বলেও সম্প্রতি জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত।

অবশ্য বিদ্যমান আইনেই চলমান জ্বালাও পোড়াওয়ের বিচার সম্ভব বলে সম্প্রতি মত প্রকাশ করেছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক।