জনগণ চাইলে হরতাল বন্ধে আইন: মন্ত্রী
এক বছর শান্ত থাকার পর দেশে নতুন করে রাজনৈতিক সহিংসতা ফিরে আসার প্রেক্ষাপটে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণ চাইলে’ হরতাল বন্ধে আইন করা হবে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “হরতালে নামে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ত্রাস। এগুলো মোকাবেলায় সন্ত্রাস দমন আইন আছে। এখন এ আইন প্রয়োগ করা হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে আইনে জনগণের সম্পৃক্ততা রয়েছে, সে আইন করা হয়। হরতাল বন্ধের জন দাবি উঠলে এ বিষয়েও আইন করা হবে।”
৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিকে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি প্রধান খালেদা জিয়া। এর মধ্যে প্রতিদিনই কোনো না কোনো জেলায় বিএনপি ও শরিকদের হরতাল চলছে, নাশকতায় প্রাণহানি ঘটছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির ডাকা হরতালের মধ্যেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে আসেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “বঙ্গবন্ধুর আমলে হরতাল বললে গাড়ির চাকা বন্ধ হয়ে যেত। জনগণ বের হত না। এখন হরতাল ডেকে ফার্মগেইটে দুইটা ককটেল মারে। জনগণকে ভয়ভীতি দেখায়। সারা জীবন কষ্ট করে কেনা গাড়ি নিয়ে কে বেরুবে?”
এর আগে নির্বাচন সামনে রেখে ২০১৩ সালে বছরজুড়ে সংঘাত সহিংসতার কারণে ব্যবসায়ীরা আইন করে হরতাল বন্ধের দাবি জানিয়েছেন একাধিকবার।
আর গত কয়েকদিনের হরতাল-অবরোধে ব্যবসা-বাণিজ্যের ‘অপূরণীয়’ ক্ষতির কথা জানিয়ে গত শনিবার এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, হরতাল-অবরোধের মতো কর্মসূচি বন্ধে তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
ফাইল ছবি
দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সংলাপে বসার সম্ভাবনাও নাকচ করে দেন আইনমন্ত্রী আনিসুল হক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাকিস্তানে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তালেবানরা। সেখানে কি হামলকারীদের সঙ্গে সংলাপ সম্ভব? সেখানে তালেবানদের সঙ্গে আলোচনা করা না গেলে এখানকার কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও আলোচনা হতে পারে না।”
তিনি বলেন, “আর আলোচনার জন্য এজেন্ডা কি হবে? বিশৃঙ্খলা করে আলোচনার জন্য বলা হলে বসব না। কেউ যদি দেশের উন্নয়নে সহযোগিতা করতে চায় তাহলে তাদের সঙ্গে একশবার আলোচনায় বসব।”
আরেক প্রশ্নে আনিসুল হক দাবি করেন,তদন্তে সময় লাগলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা ‘ধামাচাপা’ পড়েনি।
“তদন্ত অব্যাহত আছে। আশা করি তদন্তের মাধ্যমে আসল খুনি ধরা পড়বে। এমন কিছু বলা ঠিক হবে না, যাতে তদন্তে ব্যাঘাত ঘটে।”
ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
