বিথুন হত্যার জট খোলেনি, নেই কূল-কিনারা
দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার আইনজীবী ফাহমিদা আক্তার বিথুন হত্যার কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ।
প্রথম থেকেই পুলিশ একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে ধারণা করলেও এখনো ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ায় তদন্ত এগিয়ে নিতে পারছেন না বলে কর্মকর্তারা বলছেন।
রামপুরা থানার ওসি মাহাবুবুর রহমান তরফদার তদন্ত চালিয়ে যাওয়ার কথা বললেও এর অগ্রগতি নিয়ে হতাশ নিহতের স্বজনরা।
কাদের হাতে এবং কেন বিথুন খুন হলেন- তা জানতে চান তারা।
গত ৩০ জানুয়ারি রাজধানীর রামপুরার একটি বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে সাবেক রাষ্ট্রদূত ও ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক আখতার-উল-আলমের মেয়ে ফাহমিদা আখতার বিথুনের (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকা নিহতের গলায় মাফলার ও ওড়না প্যাঁচানো ছিল, হাত-পা ছিল শাড়ি দিয়ে বাঁধা। হাতে, পায়ে ও মুখে কালচে দাগও দেখা গেছে। বাসার কক্ষগুলো ছিল এলোমেলো।
২৫ বছর আগে গোলাম রব্বানীর সঙ্গে সংসার শুরু করেছিলেন ফাহমিদা আক্তার বিথুন। এরপর চাকরি নিয়ে প্রায় ২০ বছর ধরে দেশের বাইরে আছেন রব্বানী।সম্প্রতি নেক্সাস ফিন্যান্সিয়াল সার্ভিসেস নামের একটি বিদেশি সংস্থায় কাজের সুবাদে বাহরাইনে আছেন তিনি।
এই দম্পতির একমাত্র ছেলে সিরাতুল মুস্তাকীমও দুই বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। এরপর থেকে রামপুরার ওই বাসায় একাই থাকতেন বিথুন।
স্ত্রী হত্যার খবর পেয়ে দ্রুত দেশে ফিরে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কাছে ছোটাছুটি শুরু করেন গোলাম রব্বানী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার তিন দিন পর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাসার প্রায় ৫০-৫৫ ভরি স্বর্ণালংকার নেই।
“তিন কাঠা একটি জমির রেজিষ্ট্রেশনের কাগজপত্রও পাওয়া যায়নি। তাছাড়া বিথুনের মোবাইল ফোনটিও খোয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাহেবকে বারবার ফোন করি। উনি বলেন, আপনারা দোয়া করেন।”
তার স্ত্রীর সঙ্গে কারো শত্রুতা ছিল না জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে রব্বানী বলেন, “কোনো মানুষ কিভাবে একজন মানুষকে এভাবে হত্যা করতে পারে তা ভেবে পাচ্ছি না।”
রব্বানী করজোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করেছেন, কেন নির্মমভাবে তার স্ত্রীকে প্রাণ দিতে হল, অন্তত তা যেন তাদের জানানো হয়।
ওসি মাহাবুবুর রহমান তরফদার বলেন, চাঞ্চল্যকর এ মামলার রহস্য উদঘাটনে পুলিশ, সিআইডি ও গোয়েন্দা পুলিশ জোর চেষ্টা চালালেও এখনো কোনো ‘ক্লু’ পাননি তারা।
“তারপরও কিছু বিষয় নিয়ে তদন্ত করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।”
ঢাকা বারের আইনজীবী বিথুন নিম্ন আদালতে মামলা লড়তেন।
তার বাবা আখতার-উল-আলম আশির দশকের শেষদিকে ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় তাকে রাষ্ট্রদূত করে দুই বছরের জন্য ব্রুনাইয়ে পাঠানো হয়। ২০১০ সালের ২৫ জুন মারা যান তিনি।
