২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষুব্ধ’ প্রবাসীদের নাশকতা বন্ধের আহ্বান

বাংলাদেশে অবরোধ-হরতালে মানুষ পুড়িয়ে মারায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন একদল যুক্তরাষ্ট্র প্রবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 09:21 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পাশাপাশি নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন তারা।

‘পুড়ছে মানুষ, জ্বলছে দেশ/রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, “আমরা সুদূর পরবাসে নিরাপদ থাকলেও পেট্রোল বোমায় ক্ষত-বিক্ষত স্বজনদের আর্তচিৎকারে আমরা ব্যথিত, আমরা শোকাহত এবং প্রচণ্ডভাবে ক্ষুব্ধ।

“আমরা দেশের জনগণের জানমালের নিরাপত্তা, শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সরকারকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানাচ্ছি।”

‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত’ প্রবাসীদের ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে চলমান সংহিস পরিস্থিতি তুলে ধরে বলা হয়, “এই মুহূর্তে আমাদের জোর দাবি- কালবিলম্ব না করে মানুষ পুড়িয়ে মারা বন্ধ করুন। গণহত্যা বন্ধ করুন।”

স্বাধীনতা ও গণতন্ত্রকামী কেউ এভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করতে পারে না বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে।

লিখিত বক্তব্য উপস্থাপনকালে সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন বলেন, “দীর্ঘ সামরিক শাসনের আড়ালে এবং তাদের প্রশ্রয়ে দিনে দিনে সংগঠিত ও বেড়ে ওঠা ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধেই চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে।

“রাজনৈতিক কর্মসূচির আড়ালে জঙ্গি-সন্ত্রাসীদের সংগঠিত করে তারা মরণপণ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আর তাদের সন্ত্রাস ও পেট্রোল বোমার বলি হয়ে সারাদেশের জেলা-উপজেলার হাসপাতালগুলোতে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে শতশত নিরীহ নিরপরাধ মানুষ।”

এই পরিস্থিতিতে দেশপ্রেমিক কোনো মানুষ বসে থাকতে পারে না মন্তব্য করে নাশকতাকারীদের বিরুদ্ধে দাঁড়াতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান এই প্রবাসী সাংবাদিক।

বিএনপি-জামায়াত জোটের গত এক মাসের বেশি সময়ের অবরোধে গাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণে দগ্ধ হয়ে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বহু মানুষ।

নাশকতা বন্ধের দাবিতে বাংলাদেশেও নিয়মিত সভা-সমাবেশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

নিউ ইয়র্কে ওই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাংবাদিক ও সমাজকর্মী মুজাহিদ আনসারী, সৈয়দ মুহম্মদ উল্লাহ, নির্মাতা কবীর আনোয়ার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ, যুক্তরাষ্ট্র উদীচীর নেতা সুব্রত বিশ্বাস, সমাজকর্মী নাসিমুন্নাহার নিনি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী লুৎফুন্নাহার লতা, ব্যবসায়ী সরাফ সরকার, আলী আহসান কিবরিয়া অনু প্রমুখ উপস্থিত ছিলেন।