নাশকতার প্রতিবাদে পরিবহন শ্রমিকদের লাঠি মিছিল
বিএনপির ডাকা হরতাল অবরোধে নাশকতা ও যানবাহনে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বগুড়ায় লাঠি মিছিল ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা ।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির আয়োজনে শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে লাঠি মিছিল বের করে বগুড়া মটর শ্রমিক ইউনিয়ন।
মিছিল শেষে শহরের সাতমাথায় একটি প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, "হরতালের নামে পেট্রোল বোমা মেরে আপনারা কাদের পুড়ে মারছেন? আমরাতো কোন রাজনীতি করি না। তবে কেন আমাদেরকে পুড়ে মারছেন? আর যদি এভাবেই আপনারা সবাইকেই মারেন, তবে কাকে নিয়ে রাজনীতি করবেন? কার জন্য রাজনীতি করবেন? "
সমাবেশ থেকে পরিবহন মালিক শ্রমিকরা বগুড়া থেকে সকল রুটে যানবাহন চলাচলের ঘোষণা দিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, শ্রমিকনেতা রফিকুল ইসলাম, শাহাদত হোসেন শাহিন, লতিফুল ইমরান মিথুন, সিদ্দিকুর রহমান, লতিফুল করিম প্রমুখ।
