চট্টগ্রামে ভুয়া পরিচয় দিয়ে ধরা খেল যুবক
বিমান বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে জেল সুপার ও আইজি প্রিজনের সঙ্গে প্রতারণা চেষ্টার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার বিকালে নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইমন হোসেন (২২) কামাল গেইট এলাকার বাসিন্দা শাহাবউদ্দিন মোল্লার ছেলে।
গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইস ফ্যাক্টরি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইমনকে গ্রেপ্তার করা হয়।
ইমন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গিয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা চেষ্টা করে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই যুবক শুক্রবার দুপুরে ফ্লাইট লেফটেন্যান্ট রাশেদ পরিচয় দিয়ে তার সঙ্গে দেখা করতে আসেন।
“জুমার নামাজ চলার সময় আসায় কারারক্ষীরা তাকে অপেক্ষা করতে বললে যুবকটি ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে নবম পদাতিক ডিভিশনের জিওসি পরিচয় দিয়ে তিনি আইজি প্রিজনকে ফোন করে তার সঙ্গে দুর্ব্যবহার করেন।”
ছগির মিয়া বলেন, “বিষয়টি সকালে ডিজিএফআই’র চট্টগ্রামের পরিচালককে জানানো হলে তিনি ওই যুবকের প্রতারণার বিষয়টি ধরা পড়ে।”
এ ঘটনায় শনিবার সকালে কোতোয়ালি থানায় জিডি করা হয়।
