২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনযুদ্ধে জয়ের স্বীকৃতি পেলেন চট্টগ্রামের ৫ নারী

সংসারের নিত্য অভাব, প্রতিবন্ধিতা, স্বামীর অকাল প্রয়াণ কিংবা মাদকাসক্ত স্বামীর অত্যাচারে অন্য পাঁচটা নারীর মতই ধুকে ধুকে শেষ হয়ে যেতে পারত তাদের জীবন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 08:32 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

কিন্তু প্রবল ‍উদ্যম ও ইচ্ছাশক্তি নিয়ে শত প্রতিকূলতার মধ্যে ঘুরে দাড়িয়ে স্ব মহিমায় প্রতিষ্ঠিত হয়েছেন তারা; বাঁচার পথ দেখাচ্ছেন সমাজের অন্য অসহায় নারীদেরও।

শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে চট্টগ্রাম বিভাগের জীবন যুদ্ধে জয়ী এমন পাঁচ নারীকে শ্রেষ্ঠ অভিধা দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশানরের কার্যালয়।

দেশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূলে জীবনযু্দ্ধে জয়ী নারীদের সম্মাননা দিতে ২০১২ সাল থেকে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি হাতে নেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর।

পাঁচ ক্যাটাগরিতে ৫৫ জনের মধ্যে পাঁচজনকে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত করার কাজ করেছে ছয় সদস্যবিশিষ্ট বিচারকদের একটি প্যানেল।

এরা হলেন- আয়েশা বেগম, হাফছা বেগম, শিরিন আক্তার খানম, ঝর্ণা ধর ও তাহমিনা হক চৌধুরী।

সাত বোনের মধ্যে সবার বড় আয়েশা বেগম অভাব-অনটনের মধ্যে দীর্ঘ পরিশ্রমে গড়ে তুলেছেন নিজের শাড়ি প্রিন্টিং কারখানা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ কারখানায় প্রায় চারশ নারীর কর্মসংস্থান সৃষ্টি করে জিতে নিয়েছেন ‘অর্থনৈতিক সাফল্য অর্জনকারী’ শ্রেষ্ঠ জয়িতা।

জন্মের দুই বছর পর পোলিও রোগে আক্রান্ত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হাফছা বেগম নিজের শারীরিক প্রতিবন্ধকতা জয় করেছেন বিশ্ব আসরেও। সম্প্রতি জাপানের নাগাসাকিতে হ্যান্ডিক্যাপ ম্যারাথন (হুইল চেয়ার রেস) প্রতিযোগিতায় অর্জন করেছেন প্রথম স্থান।

হাফছা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে। তিনি পেয়েছেন ‘শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অজর্নকারী’ ক্যাটাগরিতে শ্রেষ্ট জয়িতার পুরস্কার।

‘সফল জননী’ ক্যাটাগরি থেকে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন চাঁদপুর জেলার শোরশাক উপজেলার সাহারাস্তি এলাকার শিরিন আক্তার খানম।

নির্যাতনের বিভীষিকার কাছে না হেরে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করা ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার উমাখালী গ্রামের দক্ষিণ মিঠাছড়ির ঝর্ণা ধর ও সমাজ উন্নয়নে অবদানের জন্য জয়িতা হয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়কিরচর ইউনিয়নের তাহমিনা হক চৌধুরী।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী ৫৫ জন জয়িতাকে দেয়া হয় সম্মাননা স্মারক।

শ্রেষ্ঠ নারী নির্বাচনকারী বিচারকদের মধ্যে ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আলেফ উদ্দিন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত ‍অধ্যক্ষ অধ্যাপক হজরত আলী মিয়া, বন্দর কর্তৃপক্ষের পরিচালক ‍জাফর আলম, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান ও  মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা পারুল।

‍অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চাঁদপুর জেলা প্রশাসক মো. ইছমাইল, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোশাররফ হোসেন ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির উপ-পরিচালক নাজনীন কাউসার।