নীলফামারীতে যুবককে কুপিয়ে হত্যা
নীলফামারীর ডিমলায় ধারালো অস্ত্রে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আকতারুজ্জামান (২৭) উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা গ্রামের সাহেদুল ইসলাম সেফার ছেলে।
তিনি পঞ্চগড় জেলা কর কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
ডিমলা থানার ওসি মো. শওকত আলী জানান, শনিবার সকালে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সোনাখুলি স্লুইচ গেইট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের ১৫০ গজ দূর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে।
আক্তারুজ্জামানের চাচাতো ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, “আকতারুজ্জামান কর্মস্থল পঞ্চগড় থেকে প্রতি সপ্তাহে বাড়ি আসতেন। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কাজের কথা বলে বের হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয় তার।
কাজ শেষ হতে দেরি হলে রাতে বাইরে থেকে যাবে বলে ফোনে পরিবারের সদস্যদের জানালে তারা আর খোঁজ করেননি। সকালে ফোনে না পেয়ে খোঁজাখুঁজির পর স্লুইচ গেইট এলাকায় তার লাশ পাওয়া যায়।"
ওসি বলেন, “নিহতের মাথায় ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে।পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পনা মাফিক কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
