২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের কাছে ফেরার অপেক্ষা

সকাল হলেই ‘জয়ের’ কাছে পৌঁছাবেন- কথা দিয়েছিলেন টিটু আচার্য্য। কিন্তু অবরোধের আগুনে পুড়ে ছয় বছরের শিশু সন্তানকে দেওয়া সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি বেসরকারি প্রতিষ্ঠান বিএসআরএমের মেকানিক টিটু।

চট্টগ্রাম ব্যুরো

মোস্তফা ইউসুফ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 11:49 AM

Updated : 22 Aug 2022, 11:42 AM

হাসপাতালে চিকিৎসাধীন টিটুর মুখ এতোটাই পুড়ে গেছে যে ছেলেকে তার কাছে নেওয়ার সাহস পাচ্ছেন না স্বজনরা।

বুধবার রাতে আনোয়ারায় পারিবারিক কাজ শেষে অটোরিকশায় করে পটিয়ায় বিএসআরএম কারখানায় ফিরছিলেন ৩৫ বছর বয়সী টিটু। চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ মিরপুর বাদামতল এলাকায় অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন তিনি।

ওই রাতেই ‍তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মৃণাল কান্তি দাশ জানান, টিটুর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিটুর ছোটভাই লিটু আচার্য্য (২৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে পোড়ার কয়েক ঘণ্টা আগে তিনিই ফোনে ভাইপো জয়ের সঙ্গে তার বাবার কথা বলিয়ে দিয়েছিলেন।

“দাদা (টিটু) বুধবার সকালে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় বাবাকে না পেয়ে বায়না করছিল বলে জয়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিয়েছিলাম।

“এখন আগুনে পুড়ে দাদার এমন অবস্থা যে জয়কে আর হাসপাতালে আনার সাহস পাচ্ছি না। কিন্তু বাবাকে দেখার জন্য সে কান্নাকাটি করছে।”

হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের বণিক পাড়ায় দশজনের পরিবারের ভরণপোষণ চলে টিটু-লিটু দুই ভাইয়ের আয়ে। এ পরিবারের মূল ভরসা যে মানুষটি, তার চিকিৎসা নিয়েই এখন উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।

অনিশ্চিত পথে ইদ্রিসের পরিবারও

বুধবার টিটুর সঙ্গে দগ্ধ হয়েছিলেন অটোরিকশার আরেক যাত্রী মো. ইদ্রিস (১৮)। বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে পৌঁছাতে কয়েকবার গাড়ি বদলে বাদামতল এসে আগুনে পোড়েন তিনি।

আগুনে মুখ, বুক ও দুই হাতে পোড়া ক্ষত নিয়ে ‍বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন ইদ্রিস। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক মৃণাল কান্তি দাশ জানান।

ইদ্রিসের বড় ভাই ওসমান জানান, কক্সবাজারের পেকুয়া উপজেলার উত্তর গুয়াপুরায় তাদের বাড়ি। ওসমান পেশায় দিনমজুর। আর ইদ্রিস চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় স্টারশিপ ফ্যাক্টরিতে কাজ নিয়েছিলেন।

নিত্য ‍অভাবের সংসারে এখন ভাইয়ের চিকিৎসা ব্যয় কীভাবে জোগাবেন তা নিয়েই দুশ্চিন্তায় আছেন ওসমান।