২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ শহরে ড্রেন নির্মাণের জন্য খনন কাজ সময় সীমানা প্রাচীর ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 12:16 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

শুক্রবার রাতে দেওভোগ এলাকায় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক।

নিহত মনির হোসেন (২০) শহরের বেপারী পাড়ার রজবুল মিয়ার ছেলে। আহত মজিবুর রহমানকে (৪০) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মজিবুরের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে আলী আহম্মদ চুনকা স্মরণীতে মেয়র আইভীর বাড়ির সামনের সড়কে আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণের জন্য খনন কাজ করছিলেন তারা।  

এক পর্যায়ে মেয়রের বাস ভবনের পশ্চিমপাশের সীমানা প্রাচীর তাদের উপর ধসে পড়ে।  অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মনিরের মৃত্যু হয়।

ওই বাড়িতে মেয়র, তার মা ও দুই ভাই বসবাস করেন। বর্তমানে তিনি এক মাসের ছুটিতে নিউজিল্যান্ডে রয়েছেন বলে জানান ওসি আসাদুজ্জামান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াছমিন জানান, মনিরকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে। পরে তার  স্বজনরা লাশ নিয়ে গেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ জানান, কেন এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।