চট্টগ্রামে জুতার কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ী এলাকায় একটি জুতা কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে চার কর্মচারী।
শুক্রবার বিকাল ৩টার দিকে পশ্চিম মাদারবাড়ীর কাটা বটগাছ এলাকার মনির হোসেনের মালিকানাধীন ‘মিনা সু ফ্যাক্টরি’তে এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধ চার কর্মচারী হলেন- মো. রুবেল (২০), রিপন (৪০), কোরবান আলী চৌধুরী (৩৪) ও শান্ত (১৬)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মিশমা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপন ও শান্তের শরীরের যথাক্রমে ৪০ ও ৫০ শতাংশ পুড়েছে।
দগ্ধদের সহকর্মী মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি কক্ষে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তারা দগ্ধ হন।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা বলতে পারেননি জসিম।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, দগ্ধ চারজনকে বিকাল ৪টার দিকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
দমকল বাহিনীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পেয়েছি। এর মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছিল।
