‘বিএসএফের পিটুনিতে’ আহত যুবক
সাতক্ষীরা সদর সীমান্তে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
শুক্রবার সকালে উপজেলার লক্ষ্মীদাঁড়ী সীমান্তে এ ঘটনায় ‘গুরুতর’ জখম হন শেখ জাকির হোসেন (৩০)। তিনি উপজেলার লাবসা গ্রামের শেখ নাসির হোসেনের ছেলে।
ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার সিরাজুল গনি সাংবাদিকদের জানান, বিএসএফের নির্যাতনে আহত হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছে বলে শুনেছেন।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে খোঁজ-খবর করা হচ্ছে বলে জানান তিনি।
জাকিরের খালা রুবিয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালে জাকির ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে লক্ষ্মীদাঁড়ী সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা তাকে ধরে নির্মমভাবে পেটায়।
বুট ও রাইফেলের বাঁটের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায় এবং ডান হাত ও পা ভেঙে যায়।
রুবিয়া আরও জানান, পরে বিএসএফ সদস্যরা তাকে সীমান্তে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
তার অবস্থা গুরুতর বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান।
