২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে নৈশ প্রহরীকে খুন করে ডাকাতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় নৈশ প্রহরীকে খুন করে এক ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল জানান, শুক্রবার ভোররাতে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় জালালাবাদ ফ্লাওয়ার মিলস অ্যান্ড মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের অফিসে এ ডাকাতি হয়।

প্রতিষ্ঠানটির মালিক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু।

নিহত হারুন মিয়া (৫৫) উপজেলার আশ্রিদ্রোন ইউনিয়নের নয়াবাড়ীর প্রয়াত কান্দর আলীর ছেলে। 

পরিদর্শক নজরুল বলেন, ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে ডাকাতদল ওই প্রতিষ্ঠানের নৈশ প্রহরীকে শ্বাসরোধে হত্যার পর কৌশলে অফিসের ভেতরে ঢোকে।

মধু মিয়ার ভাই সেলিম মিয়া বলেন, ডাকাতরা অফিসের কাগজপত্র তছনছ করে এবং লকার ভেঙে সাড়ে তিন লাখ টাকা লুটে নিয়ে গেছে।

সকালে আশপাশের লোকজন অফিসের সামনে হারুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে পরিদর্শক নজরুল জানান।