জয়পুরহাটে ট্রেনে কাটায় যুবকের মৃত্যু
জয়পুরহাট সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, যাকে পোশাককর্মী বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ জানায়, শুক্রবার রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে দিলিপ কুমার (২৫) নামের ওই যুবকের পাসহ শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক আব্দুল আলিম জনান, সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলিপের পকেটে থাকা পরিচয়পত্রে তার নাম ও ঢাকার আশুলিয়া এলাকার এক্সপ্রেস ডাইং অ্যান্ড ফ্যাশন নামে একটি গার্মেন্টসের নাম ও ঠিকানা পাওয়া যায়।
তাই তিনি গার্মেন্টসকর্মী বলে ধারণা করা হচ্ছে।
তবে তার বাড়ির ঠিকানা জানা সম্ভব হয়নি বলে জানান এসআই আলিম।
