বেনাপোল বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবহন শ্রমিক নিহত
যশোরের বেনাপোল বন্দরের মধ্যে ট্রাকচালকের এক সহকারী বিদ্যুতাড়িত হয়ে মারা গেছেন।
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের ৪২ নম্বর শেডে ঘটনাটি ঘটে।
নিহত আবুল হাসানের (৩০) বাড়ি বরিশালে বলে জানিয়েছেন ট্রাকটির চালক নজির হোসেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি অপূর্ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য নিজেদের ট্রাকে মেশিনের যন্ত্রাংশ লোড করছিলেন হাসান।
মালামাল লোহার শিকল দিয়ে বাঁধার জন্য হাসান ট্রাকের উপরে উঠেন। শিকলটি এপাশ থেকে ওপাশে ফেলার সময় শেডের ভিতরের বিদ্যুৎ লাইনের সঙ্গে বেধে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
