নরসিংদীতে ট্রাকে বোমা ও সাভারে বাসে আগুন, দগ্ধ ৫
বিএনপি জোটের অবরোধের মধ্যে নরসিংদীতে ট্রাকে পেট্রোল বোমা হামলা ও সাভারে বাসে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দিকে ঘোড়াশাল থেকে একটি ট্রাক নরসিংদীর পাঁচদোনায় যাওয়ার পথে ভাটপাড়ায় এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে চালকসহ তিনজন দগ্ধ হন।
এরা হলেন- চাঁদপুরের আলিমপাড়ার ট্রাক চালক জাহিদ মিয়া (৫০), তার সহকারী চট্টগ্রামের ডবলমুরিং এলাকার সেলিম মিয়া (৪০)ও মৌলভীবাজারের জুয়েল মিয়া (৩০)।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।
এদিকে সাভারে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ফরিদপুরগামী ওই বাসে আগুন দেওয়া হয় বলে জানান সাভার মডেল থানার ওসি মোতালেব মিয়া।
তাৎক্ষণিকভাবে দগ্ধ দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই যাত্রীর মুখ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
