জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল, পেট্রোল বোমা
বিএনপি জোটের অবরোধের মধ্যে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবিস্ফোরিত তিনটি হাতবোমা ও পেট্রোল বোমা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের নীচতলা থেকে এসব বোমা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আবুল হাসান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজ্ঞান ভবনের নিরাপত্তারক্ষীর কাছ থেকে তথ্য পেয়ে পুলিশের সহযোগিতায় এসব বোমা উদ্ধার হয়।
বিজ্ঞান ভবনে এর আগেও একাধিকবার হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব ঘটনা রোধে প্রশাসন ব্যর্থ হচ্ছে কিনা তা জানতে চাইলে প্রক্টর বলেন, “বিজ্ঞান ভবনের পেছনে ব্যাংকের কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট খোলা রাখতে হয়। খুব সম্ভবত ওদিক থেকেই দুর্বৃত্তরা বিজ্ঞান ভবনে এসে নাশকতার চেষ্টা চালায়।”
এবিষয়ে কোতোয়ালী থানার ওসি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশে অথবা অন্য কোনোভাবে দুর্বৃত্তরা ক্যাম্পাসে প্রবেশ করে নাশকতা করতে পারে।”
বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বিধিনিষেধ থাকায় পুলিশ সব সময় ক্যাম্পাসের ভেতরের বিষয় দেখভাল করা যায় না বলে জানান তিনি।
