নাশকতায় চট্টগ্রামে দগ্ধরাও চান প্রধানমন্ত্রীর সুদৃষ্টি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা সহায়তার কথা শুনে তার আশায় রয়েছেন চট্টগ্রামে অবরোধ-হরতালে নাশকতায় দগ্ধরাও।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেলে চিকিৎসাধীন দগ্ধরা এ বিষয়ে জানতে চান।
বুধবার ঢাকা মেডিকেল পরিদর্শনে গিয়ে অবরোধের নাশকতায় দগ্ধ ৬৩ জনের পরিবারকে ১০ লাখ টাকা করে পরিবার সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী।
সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়ে চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তি ও তাদের স্বজনরা জানতে চেয়েছেন, তারাও কি এই অনুদানের আওতায় আসবেন?
অগ্নিদগ্ধ আজিজুর রহমান (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী যদি আমাদের জন্যও এরকম একটি পরিবার সঞ্চয়পত্র দিতেন, তাহলে এ দুরবস্থায় সাহস পেতাম।
“আমরা তো সরকারের আশ্বাসে অবরোধ না মেনে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা সরকারি অনুদান পাব না কেন?”
ট্রাক নিয়ে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামের পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জে আসার পথে গত ২৭ জানুয়ারি ভোরে সীতাকুণ্ডের শুকলালহাটে অগ্নিদগ্ধ হন যশোরের কেশবপুরের আজিজুর।
দুই মেয়ে ও স্ত্রী নিয়ে সংসার আজিজুরের। বড় মেয়ে আঁখি (১১) চতুর্থ শ্রেণির আর ছোট মেয়ে শাখি (৬) প্রথম শ্রেণির ছাত্রী।
দগ্ধ হওয়ার পর চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার জন্য আজিজুরকে দেওয়া হয় ২০ হাজার টাকা।
আজিজুর বলেন, চিকিৎসায় এখন পর্যন্ত ৬০ হাজার টাকা খরচ হয়ে গেছে।
চলতি বছরের ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া সহিংসতায় পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে চমেকে এ পর্যন্ত চিকিৎসা নিতে এসেছেন ১৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন নয়জন।
গত মাসের শেষ দিকে রাজশাহী থেকে কাজের সন্ধানে ফেনীতে এসে পেট্রোল বোমায় দগ্ধ হন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. সাদ্দাম হোসেন (২৭)।
হাত-পা আর বুকে আগুনের ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে ভবিষ্যত উৎকন্ঠায় চিন্তিত সাদ্দাম।
ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধদের পাশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ঢাকায় অগ্নিদগ্ধদের অনুদান দিয়েছেন খবর পেয়ে তার অসহায়ত্বের কথা লেখার জন্য বার বার অনুরোধ জানাচ্ছিলেন সাদ্দাম।
“আমরা তো গায়ে-গতরে খেটে বাঁচি। শরীরটাই তো পুড়ে গেছে। কাজ করব কিভাবে? যদি প্রধানমন্ত্রীর অনুদান পাই তাহলে হয়ত পরিবারটা বাঁচবে।”
সীতাকুণ্ডের শেখপাড়ায় পিকআপ ভ্যানে পেট্রোল বোমায় দগ্ধ মেঘনা গ্রুপের বিক্রয় কর্মী ঝন্টু পালের (২৮) বিশ্বাস, প্রধানমন্ত্রী সুদৃষ্টি তারাও পাবেন।
মীরসরাইয়ের পশ্চিম মায়ানির বাসিন্দা ঝন্টু পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা পেট্রোল বোমা আমার সবকিছু ছাড়খার করে দিল। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী আমাদের দিকে ফিরে তাকাবেন। যদি আর্থিক সহযোগিতায় পাই, তাহলে ঘুরে দাঁড়াতে পারব।”
ঢাকায় অগ্নিদগ্ধদের সহায়তার দেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে জানিয়েছে, ঢাকার বাইরে যারা নাশকতার আগুনে পুড়েছেন, তাদের তালিকা যাচাই-বাছাই করে সহায়তা দেওয়া হবে।
