অবরোধে দগ্ধদের প্রত্যেকে পেলেন ১০ লাখ টাকা
বিএনপি-জামায়াত জোটের অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমায় দগ্ধ প্রত্যেককে ১০ লাখ টাকার অর্থ সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরোধের আগুনে পুড়ে হতাহত ৬৩ জনের পরিবারকে এ সহায়তা দেন তিনি।
তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে ১০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কর্মকর্তারা জানান, অবরোধ সমর্থকদের আগুনে দগ্ধ হয়ে বর্তমানে ৫৩ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন। আর চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬৩ জন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমায় পুড়ে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।
এর কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “মানুষকে বাঁচার সুযোগ না দিয়ে হত্যা করা-এটা কোনো রাজনীতি না, এটা একেবারে জঙ্গিবাদী কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড।
“চোরাগোপ্তা হামলা রাজনীতি না, এটা সন্ত্রাস।”
আন্দোলনের নামে এভাবে মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ করতে বলেন প্রধানমন্ত্রী।
“এভাবে মানুষ হত্যা সহ্য করা হবে না। খালেদা জিয়াকে এই মুহূর্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে।”
এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের যেভাবে বিচার হয় সেভাবে বিচার করবো।
“যারা অর্থ যোগান দেয়, বোমা বানায়, বোমা মারে তারা সবাই দোষী। সবাইকে ধরতে হবে।”
নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কথা তুলে ধরে তিনি বলেন, এজন্য এরইমধ্যে বেশ কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়েছে।
নাশকতায় জড়িতদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সংকট কাটাতে সংলাপের উদ্যোগ নেওয়া হবে কি না- এক সাংবাদিক জানতে চাইলে প্রধানমন্ত্রী
বলেন, “খুনীদের সঙ্গে কিসের সংলাপ? কিছু লোক খেলা শুরু করেছে।”
খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এই মহিলার মানসিক বিকৃতি ঘটেছে।”
