খালেদার কার্যালয় ঘেরাওয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’
হরতাল-অবরোধ তুলে নেওয়ার দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনটির শতাধিক নেতাকর্মী গুলশান ২ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দিকে রওনা হন।
এই সময় তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘হরতাল-অবরোধ, মানি না- মানব না’, ‘অবৈধ হরতাল প্রত্যাহার কর, করতে হবে’, ‘মানুষ হত্যা, বন্ধ কর করতে হবে’ বলে স্লোগান দিতে থাকেন।
খালেদার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে নেতা-কর্মীরা উপস্থিত হলে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের কার্যালয়ের মূল ফটকের সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ করে। তখন তারা কিছুদূর গিয়ে রাস্তায় বসে পড়েন।
এরপর হরতাল প্রত্যাহারের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। এই সময় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মূল দেয়াল ঘিরে কয়েক কিশোর কাঁটাতারের নিরাপত্তা বলয় তৈরি করছিলেন। তারা স্লোগান শুনে দেয়াল থেকে নেমে যান।
সড়কে বসে মাইক নিয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ূন কবির বলেন, “হরতাল অবরোধের নামে মানুষ হত্যার প্রতিবাদ জানাতে গুলশান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েই আমরা বিক্ষোভ মিছিল করতে এসেছি।
“কোনো ব্যক্তির প্রতি আমাদের ক্ষোভ বা বিদ্বেষ নেই। তবে যখন দেখি ৭১ এ যেমন করে সাধারন মানুষ হত্যা করা হয়েছিল, তেমনি এখনও মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এই অন্যায়-অবিচার জুলুম দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না।”
সংগঠনটির ঢাকা মহানগর শাখার সভাপতি নুরুজ্জামান ভুট্টু বলেন, “হরতাল অবরোধের নামে যেন সাধারণ মানুষের বিরুদ্ধে একটি গোষ্ঠী যুদ্ধ ঘোষণা করেছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের স্বার্থে এই রকম পরিস্থিতির নিরসন চাই।”
লাগাতার অবরোধ আহ্বানকারী খালেদা জিয়া গুলশানের ওই কার্যালয়ে রয়েছেন। গত কয়েকদিন ধরে সরকার সমর্থক বিভিন্ন সংগঠন তার কার্যালয় ঘেরাও করে আসছিল।
