আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত এক ঝুট (টুকরো কাপড়) ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত বাপ্পী মিয়া আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানায় ঝুট ব্যবসা করতেন। তার বাবার নাম আইন উদ্দিন।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, মঙ্গলবার রাতে হামলায় আহত হওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে মারা যান তিনি।
হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ছুরিকাঘাত করে দুই হাতের রগ কেটে দিয়েছিল জানান ওসি মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার রাতে কাইচাবাড়ি এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন বাপ্পী। এ সময় পূর্ব শক্রতার জের ধরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হালিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে আহত করে।
এ ঘটনায় নিহতের বাবা আইন উদ্দিন বাদী হয়ে আব্দুল হালিমকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার পর থেকে ইউপি সদস্য আব্দুল হালিম পলাতক রয়েছেন বলে জানান ওসি মোস্তফা।
