চট্টগ্রামে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১
চট্টগ্রামের পাহাড়তলী এ কে খান লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী মিনিবাসে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
ট্রেন আসার সময় লেভেল ক্রসিংয়ে ফটক খোলা থাকায় বাসটি উঠে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেসের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত জানিয়েছেন।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তিনি বাসের যাত্রী ছিলেন, না পথচারী- তাও জানা যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি হিমাংশু দাশ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনা কবলিত বাসটির সামনের দিকে ক্ষতি হয়েছে। নিহত ব্যক্তিটি বাসযাত্রী, না কি পথচারী, তা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।”
আহত আবুল হাশেম (৬০), মাহবুবুল আলম (৫০) ও সামিয়া জামান (২৪) নামে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবুজ দাশ (১৮) নামে একজনকে বেসরকারি আল-আমীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আবুল হাশেম ও মাহবুব আলমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আল-আমীন হাসপাতাল থেকে জানানো হয়, আহতাবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
এ কে খান লেভেল ক্রসিংয়ের গেইটম্যান মো. কাওসার দাবি করেছেন, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার ৫ মিনিটের মধ্যে মেঘনা এক্সপ্রেস আসার খবরটি তার কাছে ছিল না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেসের ক্রসিং অতিক্রম করার বার্তা তার ছিল কাছে।
“কর্ণফুলী চলে যাওয়ার পর গেইট তুলে ফেলা হয়। এরপর চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেসের ক্রসিং অতিক্রম করার কোনো তথ্য আমার কাছে ছিল না।”
কাওসার জানান, গেইট খোলা থাকায় চার নম্বর রুটের মিনিবাসটি লাইনে উঠে পড়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতির ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়।
গত দুই দিন ধরে তাদের টেলিফোন লাইনে সমস্যা ছিল বলেও দাবি করেন গেইট ম্যান।
আহত বাসযাত্রী সবুজ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্রেন চলে যাওয়ার পর তাদের বহনকারী বাসটি রেল লাইনে উঠার পর বন্ধ হয়ে যায়। তখন চালক বাস থেকে নেমে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে গঠিত এ কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
