২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর স্কুলব্যাগে পিস্তল, গ্রেপ্তার ৬

আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়ায় তিন শিশুসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 10:47 AM

Updated : 26 Jul 2022, 11:55 AM

নারায়ণগঞ্জের ফতুল্লা ও ঢাকার বাড্ডা থেকে তাদের ধরা হয় বলে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানিয়েছেন।

গ্রেপ্তার শিশুদের মধ্যে দুজন চাঁদপুর জেলার বলাশিয়া থানার বিষ্ণপুর গ্রামের এবং একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জের চর ছনপাড়া এলাকার।

অন্য তিনজন হলেন- চাঁদপুরের বিষ্ণপুর গ্রামের ইমরান (১৮), কুমিল্লার বরুড়া থানার আড্ডা এলাকার বশির (২৫) এবং রূপগঞ্জের চর ছনপাড়া এলাকার মো. মাসুদ (২৮)।

ছয়জনই দক্ষিণ বাড্ডা এলাকায় থাকেন বলে পুলিশ জানিয়েছে।

তাদের কাছ থেকে চারটি পিস্তল, আটটি গুলি ও সাতটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা অস্ত্র কেনা-বেচায় জড়িত বলে ধারণা পুলিশের।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।

এএসপি শরফুদ্দিন বলেন, অস্ত্র বিক্রির জন্য ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর সঙ্গে যোগাযোগ করে এই চক্র। ওবায়েদ বিষয়টি পুলিশকে জানান। বুধবার বিকেলে অস্ত্র বিক্রির জন্য আসলে ইমরান, শাকিল ও আমিনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে আরো তিনটি করে পিস্তল ও গুলিসহ অন্যদের ধরা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সন্ত্রাসীরা কৌশল হিসেবে শিশুদের ব্যবহার করছে। এই কারণে স্কুলের ব্যাগে ভরে অস্ত্রগুলো বহন করা হচ্ছিল।”

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া, ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।