২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমায় অটোরিকশার দুই আরোহী দগ্ধ

বন্দর নগরী চট্টগ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় দুই আরোহী দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 12:19 AM

Updated : 22 Aug 2022, 11:42 AM

বুধবার রাত সাড়ে ৮টার পরপর কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হলেন, বেসরকারি প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন স্টারশিপের কর্মচারী মো. ইদ্রিস (২০) এবং টিভি মেকানিক টিটু আচার্য্য (৩৫)।

ইদ্রিস কক্সবাজার জেলার এবং টিটু হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটিয়াগামী অটোরিকশাটি শাহ মিরপুরের বাদামতল এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা হাতবোমা ছুড়ে মারে।

“হাতবোমাটি অটোরিকশার ছাদে ছাউনিতে পড়ে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী দগ্ধ হয়েছেন।”

পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, অটোরিকশার ছাউনি থেকে আগুন যাত্রীদের গায়ে লেগেছে। তবে পেট্রোল বোমার কোনো আলামত পাইনি। হাতবোমাই ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে দশটার দিকে আহত দুই জনকে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।