চলে গেলেন সাংবাদিক শাহ আলম বাবুল
শেরপুরের পরিচিত মুখ সাংস্কৃতিককর্মী ও সাংবাদিক শাহ আলম বাবুল (৪৭) আর নেই।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
জেলা সাংবাদিক সমিতির সভাপতি বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, শাহ আলম গত রোববার ভোর শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকাস্থ তার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি বুধবার সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন বলেও জানান জেলা সাংবাদিক সমিতির সভাপতি।
তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সদ্য প্রয়াত শাহ আলম বাবুল শেরপুর জেলা সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা ২৪ ডটকম এর প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী সম্পাদকসহ অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
তার মুত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, প্রকৌশলী ফজলুল হক চাঁন, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনিসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা শোক প্রকাশ করেছেন।
