২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের চুরি যাওয়া আবেদনপত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চল সদরদপ্তর থেকে চুরি যাওয়া ৩১৫টি চাকরির আবেদনপত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক মাহাবুব আলম এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, মহানগরীর ছোটবন গ্রাম উত্তরপাড়া এলাকার হাসমত আলীর ছেলে ফজলে রাব্বি (১৮), আব্দুল মজিদের ছেলে হাসমত আলী (৫৫), কেদুর মোড় বৌ বাজার এলাকার মাজেদ হোসেনের ছেলে হারুন-অর-রশিদ (৩২)।

মাহাবুব আলম বলেন, গত ১ ফেব্রুয়ারি রেলওয়ের এমএলএসএস, পোর্টার ও ওয়েম্যান পদের আবেদনপত্র রেল ভবন থেকে চুরি হয়। গত ৭ ফেব্রুয়ারি রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি র‌্যাব-৫ এর অফিসে লিখিত জানায়।

সকালে গ্রেপ্তারদের বাড়িতে তল্লাশি চালিয়ে এমএলএসএস পদের ৩০৬টি, পোর্টার পদের ৭টি ও ওয়েম্যান পদের ২টি আবেদনপত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা আবেদনপত্রে দেওয়া মোবাইল ফোন নম্বরে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে। আবেদনপত্র ভুল হয়েছে জানিয়ে তারা বিকাশের মাধ্যমে একেক জনের কাছ থেকে ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করে।

ওই বিকাশ নম্বরের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‌্যাব-৫ এর অধিনায়ক।

আবেদনপত্র চুরির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ কর্মাশিয়াল অফিসার এমএ জিন্নাহ।