২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসকের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় আগুনে পুড়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 06:56 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মৃত পলাশ (২৮) উপজেলার চরসুবুদ্দী ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের প্রয়াত জনাব আলীর ছেলে।

রায়পুরা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার ভোররাত ৪টার দিকে আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ স্থানীয় জামে মসজিদের মিনারের একটি কক্ষে থেকে মসজিদ সংলগ্ন নিজের একটি পুকুরের মাছ পাহারা দিতেন। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো মিনারের ওই কক্ষে ঘুমিয়ে পড়েন পলাশ।

বুধবার সকালে স্বজনরা তাকে মোবাইল ফোনে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর মিনারের ওই কক্ষ থেকে ধোয়া বের হতে দেখেন। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে পলাশের আগুন পোড়া মৃতদেহ উদ্ধার করে।

মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করলেও তার স্বজনরা এটি পরিকল্পিতভাবে হত্যা বলে অভিযোগ করেছেন।

স্বজনদের অভিযোগ বিবেচনায় নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রায়পুরার ওসি মিজানুর।