ময়মনসিংহে হাতবোমায় ২ পুলিশ আহত, অবরোধকারী গুলিবিদ্ধ
বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ ও হরতালে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের ওপর হাতবোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছেন অবরোধকারী এক যুবক।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, বুধবার ভোর ৪টার দিকে সদর উপজেলার মামুননগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশের এসআই মাসুদ জামালী ও পুলিশ সদস্য বাচ্চু মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গুলিবিদ্ধ সোহাগ নামে ওই অবরোধকারী যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গৌরীপুরের ওসি আলী শেখ বলেন, বেশ কয়েকজন অবরোধকারী মামুননগর এলাকায় সড়ক অবরোধ করে যানবাহনে পেট্রোল বোমা ও হাতবোমা বোমা হামলার উদ্দেশ্যে অবস্থান নিয়েছে বলে ভোররাত ৪টার দিকে খবর পায় পুলিশ।
“এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ধরার চেষ্টা করলে উপস্থিতি টের পেয়ে হাতবোমা ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অবরোধকারীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হন।”
এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়লে সোহাগ গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায় বলে জানান গৌরীপুরের পুলিশ কর্মকর্তা আলী শেখ।
