২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি-রাজস্ব মামলার জট কমাতে তৎপর আইন কমিশন

ভূমি ও রাজস্ব সংক্রান্ত বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিতে তৎপরতা শুরু করেছে আইন কমিশন।  

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 01:03 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

এরই মধ্যে দুই খাতের মামলার সংখ্যা জানতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে কমিশন। 

ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা জানতে চেয়ে  চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি), সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ফওজুল আজিমের সই রয়েছে এই চিঠিতে।

একইদিন রাজস্ব সংক্রান্ত মামলার সংখ্যা জানতে চেয়ে কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব শামছুদ্দীন মাসুম স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে।

ফওজুল আজিম এবং শামছুদ্দীন মাসুম চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনস্বার্থ, বিষয়ের গুরুত্ব এবং দেশের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে চিঠি দেওয়া হয়েছে।

আইন কমিশন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পথ তৈরির জন্য প্রয়োজনীয় মতামত ও নির্দেশনা দিতে চায় বলে এসব চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, বর্তমানে রাজস্ব সংক্রান্ত প্রায় ২৮ হাজার মামলা অনিষ্পন্ন রয়েছে আদালতে। এখাতে সরকারের রাজস্ব পাওনা প্রায় ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা।

এনবিআরের অ্যাপিলেট ট্রাইব্যুনালেও অনিষ্পন্ন প্রায় আট হাজার মামলার বিপরীতে সরকারের রাজস্ব পাওনা ৬০ হাজার কোটি টাকা।