২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বারে ১০টি পদে সরকার সমর্থক, ৯টিতে বিরোধীদের জয়

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১০টি পদে জয় পেয়েছে সরকার সমর্থকরা, অন্যদিকে নয়টি পদে জিতেছে সরকারবিরোধী আইনজীবীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 12:44 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর গভীর রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা ফখরুদ্দিন চৌধুরী।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মুজিবুল হক বিজয়ী হয়েছেন।

মুজিবুল হক পেয়েছেন ১ হাজার ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের কফিল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ১৯ ভোট।

২২ ভোটে মুজিবুলকে বিজয়ী ঘোষণার পর ঐক্য পরিষদের প্রার্থী কফিল চৌধুরীর পক্ষে ভোট পুনঃগণনার আবেদন করা হয়।

তবে ওই আবেদন নাকচ করে নির্বাচন পরিচালনা কমিটি। ফখরুদ্দিন চৌধুরী বলেন, “আমাদের গঠনতন্ত্রে এর বিধান নেই। তাই তার আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি।”

সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মো. এনামুল হক ১ হাজার ২২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মেজবাহ উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯০৬ ভোট।

সমন্বয় পরিষদ থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সম্পাদক প্রতীক কুমার দেব, অর্থ সম্পাদক পাপড়ী সুলতানা ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এম সিরাজউদ্দৌলা।

এই প্যানেল থেকে নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ মোশারফ হোসেন, এএইচ এম রায়হানুল আলম হক, ফিরোজ উদ্দিন তারেক, মমতাজ বেগম মুক্তা, জিনাত সোহানা চৌধুরী, কমল কান্তি দত্ত ও মুহাম্মদ দিদারুল আলম।

ঐক্য পরিষদ থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহসভাপতি মোহাম্মদ আফাজুর রহমান, পাঠাগার সম্পাদক শওকত আওয়াল চৌধুরী এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ চৌধুরী।

এই প্যানেল থেকে নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ হেলাল উদ্দিন আবু, মাশকুরা বেগম মেরী, মোহাম্মদ রবিউল হোসেন নয়ন ও রফিকুল আলম।

এবার সমিতির নির্বাচনে ৩ হাজার ৪০১ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৬ জন ভোট দিয়েছেন।

সমিতির মোট ১৯টি পদের জন্য তিনটি প্যানেলের ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মুক্তিযুদ্ধ ও আইনজীবীদের স্বার্থে দুর্নীতিমুক্ত ঐক্য প্রত্যয়ী সমমনা আইনজীবী সংসদ একটি পদেও জয়ী হতে পারেনি।