সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বিজিবির যাদবপুর কোম্পানি কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, বুধবার ভোর ৫টার দিকে লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জলুলী গ্রামের ফয়েজ উদ্দিন (৪০) ও লেবুতলা গ্রামের আমিরুল ইসলাম (৩৫)।
বিজিবি কর্মকর্তা গিয়াস জানান, লাশ দুটি বিএসএফের হেফাজতে আছে। বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।
নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন।
বিজিবি কমান্ডার গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে ফয়েজ ও আমিরুল লেবুতলা গ্রাম থেকে সীমান্তের মেইন পিলারের পাশ দিয়ে জিরো লাইন অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়েন।
এ সময় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার কাশীপুর ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
