শাহজালালে দুই কেজি সোনাসহ একজন আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি সোনাসহ কুয়ালালামপুর ফেরত একজনকে আটক করেছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগের যুগ্ম-কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের গ্রিন সিগন্যাল পেরোনোর সময় ওই যাত্রীকে আটক করা হয়।
আটক মিন্টুর (৩৫) গ্রামের বাড়ি কুমিল্লায়। সকালে তিনি কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।
মিন্টুর কাছে থাকা একটি রাইস কুকার স্ক্যান করে তার ভিতর দুই কেজি সোনা পাওয়া যায় বলে জানান শুল্ক কর্মকর্তা জিয়া।
“রাইস কুকারে বিশেষ পদ্ধতিতে দুই কেজি সোনা গলিয়ে লুকিয়ে রাখা হয়েছিল,” বলেন তিনি।
এসব সোনার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানান তিনি।
