বাংলাদেশ থেকে জাহাজ নিতে চায় মালদ্বীপ
উপকূলরক্ষী বাহিনীর জন্য বাংলাদেশ থেকে জাহাজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।
মঙ্গলবার সন্ধায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে জাহাজ কেনার আগ্রহের কথা জানান মালদ্বীপের চিফ অফ ডিসেন্স ফোর্স মেজর জেনারেল আহমেদ সিয়াম।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আহমেদ সিয়াম খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করে প্রশংসা করেছেন।
“আহমেদ সিয়াম খুলনা শিপইয়ার্ড থেকে মালদ্বীপের কোস্ট গার্ডের জন্য অফ শোর জাহাজ কেনার কথা বলেছেন।”
সাক্ষাতের সময় আহমেদ সিয়াম মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিরা সেখানকার অর্থনীতিতে অবদান রাখছে বলে মন্তব্য করেন।
মালদ্বীপের চিফ অফ ডিসেন্স ফোর্স বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তি রক্ষীদেরও প্রশংসা করেন।
সম্প্রতি মালদ্বীপে সুপেয় পানির সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে বিশুদ্ধ পানি পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মালয়েশিয়ার সেনাপ্রধান।
এসময় মূখ্য সচিব আব্দুস সোবহান শিকদার এবং পিএসও লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক উপস্থিত ছিলেন।
