‘ইয়াবার খবর’ নিয়ে ঢাবিতে মারামারিতে ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেত্রীর ‘ইয়াবা ব্যবসা’ নিয়ে প্রতিবেদন প্রকাশের জের ধরে তার সমর্থকরা পিটিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় এক নেতাকে।
মঙ্গলবার দুপুরে শাহবাগ এলাকায় মারধরের শিকার হন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব খান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শামসুন নাহার হল ছাত্রলীগের সভাপতি নিশীতা ইকবাল নদীর সমর্থকরা তার আগে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাতকেও হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।
ছাত্রলীগের মধ্যে এই মারামারির খবর পেয়েছেন জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর তদন্ত হবে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
গত ২৮ জানুয়ারি নিশীতা নদীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনে উপাচার্য ও প্রক্টরকে চিঠি দেন ছাত্রলীগকর্মী চারুকলা ছাপচিত্র বিভাগের ছাত্রী ইসরাত জাহান সোনালী।
এই খবরটি পরদিন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। নদীর অভিযোগ, রাহাতের মদদেই তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের এবং সংবাদ প্রকাশ হয়েছে।
ছাত্রলীগকর্মীরা জানান, রিকশায় করে যাওয়ার পথে দুপুর দেড়টায় দিকে শাহবাগে রাহাত ও কেন্দ্রীয় ছাত্র-বৃত্তি উপ-সম্পাদক ওয়ালিউর রহমান বিপুলকে আটকায় নিশীতার নেতৃত্বে সংগঠনের এক দল নারীকর্মী। সেখানে রাহাতকে হেনস্তা করা হয়।
রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নদী আমাকে বলে- ‘আপনি সাংবাদিকদের দিয়ে বিভিন্ন রিপোর্ট করাইছেন’। আমি বলি, সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করে, আমি রিপোর্ট করাতে যাব কেন?
“আর এ বিষয়ে কথা বলার জায়গা তো রাস্তা না। পার্টির কোনো ফোরামে বা মধুর ক্যান্টিনে এটা নিয়ে আলোচনা হতে পারে। এ কথা বলে আমি ওখান থেকে চলে যাই।”
নিশীতা নদী সাংবাদিকদের বলেন, “আমি উনাকে বলেছি, আপনি সাংবাদিকদের দিয়ে প্রতিবেদন প্রকাশ করিয়েছেন, তার প্রমাণ আমার কাছে আছে। তিনি তার কোনো জবাব না দিয়ে চলে যান।”
রাহাতকে হেনস্তার খবর শুনে তার কয়েকজন অনুসারী শাহবাগের দিকে রওনা হন। তা শুনে আবার মোবারক নেতৃত্বাধীন সূর্যসেন হল শাখার একদল নেতা-কর্মী শাহবাগে যায়।
সেখানে গিয়ে রাহাত সমর্থক মাহবুবকে পেয়ে তারা তাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে পুলিশ এসে মাহবুবকে উদ্ধার করে।
মোবারক এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সেখানে ছিলাম না। আমার এলাকার ছোটো ভাইয়েরা সেখানে গিয়ে থাকতে পারে।”
এই হামলার বিচার চেয়ে রাহাত বলেন, “দেশের এমন পরিস্থিতিতে নিজেদের মধ্যে সংঘাত ফুটিয়ে তুলতে এবং এই সময়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিদেশ থাকা নিয়ে নানা সমালোচনাকে আড়াল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।”
ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল বাংলাদেশের বাইরে থাকায় এ ঘটনায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
