খালেদার কার্যালয়ে ১০ দিন পর মোবাইল নেটওয়ার্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ১০ দিন পর মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।
গত ৩১ জানুয়ারি বিদ্যুৎ, কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার সময় থেকে গুলশানের ওই বাড়ি সংলগ্ন এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না।
২০ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ ফিরলেও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। নেটওয়ার্ক না থাকার পেছনে সরকারের হাত রয়েছে বলেও বিএনপি নেতারা অভিযোগ করে আসছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশান ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের ওই বাড়িতে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়।
কার্যালয়ের ভেতরে থাকা বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খানকে টেলিফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু কিছু সময়ে মোবাইলে কথা বলতে পারছি। শুনেছি, কার্যালয়ের কাছাকাছি কয়েকটি দূতাবাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন করা হয়েছে। সে কারণে এর সুফল আমরা পাচ্ছি।”
তবে এখনও ইন্টারনেট, ল্যান্ডফোন ও ফ্যাক্স সচল হয়নি বলে মারুফ কামাল জানান। কেবল টিভির সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।
ওই কার্যালয়ে এক মাসের বেশি সময় ধরে খালেদা জিয়ার সঙ্গে মারুফ কামাল ছাড়াও রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন।
৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি রাতে পুলিশের বাধা পাওয়ার পর কার্যালয়ে অবস্থান নেন খালেদা। এরপর পুলিশ সড়কে বালুর ট্রাক রেখে, ফটকে তালা দিয়ে তাকে সেখানে অবরুদ্ধ করে ফেলে।
৫ জানুয়ারি কর্মসূচিতে বের হতে বাধা পেয়ে দেশজুড়ে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন। এরপর বেশ কিছু দিন ওই কার্যালয়ে ঢোকার বিষয়টি পুলিশকে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
বালুর ট্রাক সরানোর পর গত ১৯ জানুয়ারি ফটকের সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হলেও খালেদা ওই কার্যালয় আর ছাড়েননি। মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর লাশ আসার পর সেখানেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।
ওই সময়ে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দলের নেতারা অবাধে খালেদার ওই কার্যালয়ে ঢুকতে পারলেও এসএসসি পরীক্ষার মধ্যে অবরোধের সঙ্গে হরতাল ডাকার পর ওই এলাকায় পুলিশের তৎপরতা আবার বাড়ে।
গত ৫ ফেব্রুয়ারি থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা ওই কার্যালয়ের ফটকের সামনে একটি রেজিস্ট্রার বই খুলে বসেছেন। ভেতরে কেউ ঢুকলে তার নাম-ঠিকানা রাখছেন তারা।
এদিকে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংগঠন খালেদা জিয়ার ওই কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
