নাশকতায় চট্টগ্রামে ৭৬ মামলা, গ্রেপ্তার ১ হাজার
বিএনপি জোটের চলমান অবরোধ-হরতালে গত এক মাসে চট্টগ্রাম মহানগরী ও জেলায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে ৭৬টি।
গত ৫ জানুয়ারি থেকে করা এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রায় এক হাজার জনকে, যাদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
গত রোববার পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় মামলা হয়েছে ৪৮ টি আর ৩১ জানুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন থানায় মামলা হয়েছে ২৮টি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এক মাসে কোতোয়ালি থানায় নয়টি, খুলশী ও চান্দগাঁও থানায় আটটি করে মামলা হয়েছে।
এছাড়া বায়েজিদ থানায় চারটি, পাহাড়তলী, ডবলমুরিং ও পাঁচলাইশে তিনটি করে, আকবরশাহ, বন্দর, চকবাজার থানায় দুটি করে এবং বাকলিয়া, ইপিজেড, সদরঘাট ও কর্ণফুলী থানায় একটি করে মামলা হয়েছে।
এর মধ্যে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৭৬ জন। এর মধ্যে সাড়ে চার শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব মামলায় আসামির তুলনায় গ্রেপ্তারের সংখ্যা কম হলেও পুলিশের দাবি, এদের মধ্যে অনেকে একাধিক মামলার আসামি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিটি থানার অলি-গলি ধরে পুলিশ নাশকতাকারীদের তালিকা করছে।
“কোনো এলাকায় ঘটনা ঘটলে সে এলাকার তালিকাভুক্ত নাশকতাকারীদের আসামি করা হচ্ছে।”
গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কর্মকর্তা বনজ কুমারের দাবি, মামলার আসামি হওয়ার পর অনেকে পালিয়ে গেছে।
সম্প্রতি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার কয়েকজন
নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে এবং গ্রেপ্তারও হচ্ছে।
এদিকে জেলা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী ৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মামলা হয়েছে ২৮টি।
এর মধ্যে সীতাকুণ্ড থানায় আটটি, লোহাগাড়া থানায় পাঁচটি, জোরারগঞ্জ থানায় তিনটি এবং হাটহাজারী, মিরসরাই, সাতকানিয়া, পটিয়া থানায় দুটি করে এবং বোয়ালখালী ও চন্দনাইশ থানায় একটি করে মামলা হয়েছে।
এসব মামলায় প্রায় ১৪০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৬০০ জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় প্রতিদিন অভিযান চলছে।
বিভিন্ন অভিযোগে গত একমাসে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
