২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসে চলমান সহিংসতার সাজা: আইনমন্ত্রী

ছয় মাসের মধ্যে চলমান সহিংসতার ঘটনায় দায়ীদের বিচার করে সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার রাজধানীর ধানমণ্ডিতে এক আলোচনায় সভায় একথা বলেন তিনি।

বিচার বিভাগের যথাযথ প্রক্রিয়া অনুসরণের বিষয় নিয়ে বক্তব্যের এক পর্যায়ে আইনমন্ত্রী বলেন, “অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি আজ যারা সন্ত্রাস করছে ১০ বছর পর তাদের বিচার হবে। যারা আজকে সন্ত্রাস করছে, ইনশাল্লাহ ৬ মাসের মধ্যে বিচারের রায় দিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করবো।

“ডিউ প্রসেস ফলো করতে গেলে হাত কিছুটা বাধা থাকে। আপনারা আমাদেরকে সেইটুকু সময় দেন।”

আনিসুল হক বলেন, ২০১৩ সাল এবং ১৪ সালের নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং পরের দিন যে সব সহিংসতা হয়েছে, আমি সেগুলোর ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী আইন, বিস্ফোরক আইন অপরাধ বিশেষে কাজে লাগাতে বলেছি।

“সেভাবে মামলাগুলোর তদন্ত হচ্ছে। আমার কাছে সারা দেশের তালিকা আছে, কতগুলো মামলা হয়েছে, তদন্ত হয়েছে, কতগুলো আদালতে পৌঁছেছে। আদালতে পৌঁছার সংখ্যা মাত্র ১০ ভাগ।

“বিচার বিভাগ স্বাধীন, কিছু বলাও যায় না। তবে আমি প্রসিকিউশনের মালিক। আমি তাদেরকে বলেছি, এটা দ্রুত করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি,  জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড।

“আমরা আরো বিশ্বাস করি, সন্ত্রাস দমনের একমাত্র উপায় হচ্ছে, অপরাধ করলে শাস্তি হবে এবং সেটা তাৎক্ষণিক হবে।

“আমার কথা হচ্ছে, আপনারা মনে করবেন না, আমরা পিছিয়ে গেছি, যুদ্ধ করবো না, সে রকম কোন চিন্তা ভাবনাই আমাদের নাই। হ্যা রাষ্ট্র যখন চালাচ্ছি, এটা ডিউ প্রসেস।”

‘সংলাপ-আপোস-পিছপা হবে না’

আইনমন্ত্রী বলেন, “আমি অনেক জায়গায় শুনলাম, বিশেষ করে মিজানুর রহমান সাহেব বলেছেন। উনি একজনকে উদ্দেশ্য করে বললেন, আমাদেরকে পুড়িয়েন না।

“আরে উনারাতো আমাদেরকে মানুষ হিসাবেই মনে করেন না। উনাদের সঙ্গে কোন কথা নাই। কোন কথা হতে পারে না। এখন এটা বাংলাদেশ বাঁচানোর যুদ্ধ। এটা সত্যি সত্যি যুদ্ধ।

“এটা আমাকে বলতে বইলেন না। এটা বলে দিয়েছেন চিকিৎসাবিদ ডা. বদরুদ্দোজা চৌধুরী। উনিতো বলেই দিয়েছেন এটা সিভিল ওয়ার।

“বক্তারা অনেকেই বলেছেন, আমরা এটাকে রাজনৈতিক ও আইন শৃঙ্খলার একটা সমস্যা হিসাবে ধরছি। বিশ্বাস করেন, আমরা কোনটাই ধরছি না। আমরা এটাকে বাংলাদেশ থাকবে কি থাকবে না, এই সমস্যা হিসাবেই ধরছি। এই জন্যই আমরা কঠোর ব্যবস্থা নিতে এক পাও পিছাবো না।

“উনাদের সাথে সংলাপ হবে না। কারণ সংলাপ হতে হলে মৌলিক বিষয়ে বিশ্বাস করতে হয়। উনি বিশ্বাস করবেন পাকিস্তানে, আমি বিশ্বাস করবো বাংলাদেশে। এখানেতো সংলাপের কিছু নাই।

“এরপরও সংলাপ করতে চাইলে, উনাকে একটা কথাই বলবো, আসেন আপনি পাকিস্তানে চলে যান। ব্যাস, সংলাপ শেষ। এরপর আর কোন কথা নাই।

“এটাও আমি বলতে চাই, যুদ্ধই যদি করতে চান, ৭১ সালে এর চেয়ে বড় শক্তির সঙ্গে আমরা যুদ্ধ করেছি। যুদ্ধ করতে আমরা প্রস্তুত। আমরা যুদ্ধ করবো। কারণ আমরা নিশ্চয়ই বাংলাদেশ রক্ষা করবো। এ ব্যাপারে কোন আপস নাই, পিছপা নাই।”

আনিসুল হক বলেন, উনারা প্রথম ব্যর্থ রাষ্ট্র বানাতে চান। তার পর অস্তিত্ব মুছে দিতে চান। ৭৫ সালের ১৫ অগাস্ট থেকে কার‌্যকর শুরু করেছেন। এর মধ্যে বাধ সেধেছেন শেখ হাসিনা। সে জন্যই আক্রোশটা সবটাই ওনার ওপর।

“যুদ্ধাপরাধীদের বিচার করতে আমাদের ৪৩ বছর লেগেছে। আমাদের যুদ্ধপরাধীদের বিচার করে সাজা দিতে কষ্ট হবে, কারণ তারা আমাদের আগে ৩১ বছর দেশটাকে চালিয়ে গেছে।

“এটা জন্মের যন্ত্রণা। আমাদেরকে এটা ভুগতে হবে। নুজহাত চৌধুরী যেভাবে বলে গেছেন, আমাদের ভবিষ্যতকে আমরা যেন এই যুদ্ধ না দিয়ে যাই।”

‘তারেককে বিবৃতি দিতে নিষেধ করেছে ব্রিটিশ সরকার’

তারেক রহমানকে বিতর্কিত বিবৃতি দিতে ব্রিটিশ সরকার নিষেধ করেছে বলেও দাবি করেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, “গত জানুয়ারির ১৮-১৯ তারিখে ব্রিটিশ ইমিগ্রেশনমন্ত্রী বলেছি, দেখেন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে লন্ডন জড়িত। অনেক ক্ষেত্রেই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের কিছুটা লন্ডন থেকেও হয়েছে।

“আজকে আমাদের শুনতে এবং জানতে কষ্ট হয়, ব্রিটিশ সরকার লন্ডনে একজনকে থাকতে দিয়ে আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে দিচ্ছে। সেটা কিন্তু আমাদের পছন্দের না।

“আমি আরো ওনাকে বলেছি, আপনাদের বন্ধুত্ব আমাদের কাছে প্রয়োজনীয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সব কিছুর সীমা আছে। এই সীমা পার হয়ে গেলে বন্ধুত্ব তখন কিন্তু নগন্য হয়ে যায়। তখন সীমাকে চিন্তা করে ব্যবস্থা যা করার করতে হয়।

“আমার কাছে তথ্য আছে, এই সব বিবৃতি বক্তব্য থেকে বিরত থাকতে উনারা বলেছেন।”

কামারুজ্জামানের রায় দেওয়ার আহ্বান

একাত্তরের যুদ্ধাপরাধে আপিল বিভাগ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের দিকে ইঙ্গিত করে তার রায় দিতে ভিন্নমত পোষণকারী বিচারকের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আরো অনেক কথা বলার আছে। এখন বিচার বিভাগ স্বাধীন, কিছু বলাও যায় না। কিছু বললেই বলবে, প্রতিষ্ঠান ধ্বংস করছি। ইকোনোমিস্ট বলবে, আমরা আইনের শাসন মানি না।

“কিন্তু জনগণের জানার একটা অধিকার আছে, আমি মনে করি, জনগণের প্রতিনিধি হিসাবে জনগণকে জানানোর একটা দায়িত্ব আছে। কেন এখনো রায় কার‌্যকর হয় না?

“সংখ্যাগরিষ্ঠতার রায় আমরা পেয়ে গেছি। একজন দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন, তিনি রায় দিচ্ছেন না। এখন আমি কি করবো?

“আমি আপনাদের মাধ্যমে বলছি, দিয়ে দেন রায়। তারপর আমরা দেখি, রিভিউতো আপনারা দিয়েছেন। রিভিউ হবে। দ্বিধা বিভক্ত রায়টা দিতে আপত্তি কোথায়?

“আমি বলছি না, ইট কুড বি, এটাও ষড়যন্ত্রের একটা পার্ট হতে পারে। ওনাদের বক্তারা বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর‌্যন্ত আমাদের টাইম। এটা কি ১৩ ফেব্রুয়ারির নীল নকশার কিছু একটা কিনা, সেটাও খতিয়ে দেখার প্রয়োজন আছে। আপনাদেরকে আমি বলতে চাই, সেটাও আমি খতিয়ে দেখছি।”

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, ইনস্টিটিউট অব কনফ্লিক্টের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরীর কন্য ডা. নুজহাত চৌধুরী শম্পা।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আয়োজক সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।