ছাত্রী হলে ফাটল, বরিশাল মেডিকেল ৩ সপ্তাহ বন্ধ
পুরাতন ছাত্রীনিবাসে ফাটল দেখা দেওয়ায় এবং নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ২১ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কলেজ প্রশাসনের এক জরুরি বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয় বলে জানান অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা।
একইসঙ্গে ছাত্রীনিবাসের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনের বাসিন্দাদের মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজ বন্ধের সিদ্ধান্তটি কলেজের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অধ্যক্ষ বলেন, কলেজের একমাত্র ছাত্রীনিবাসে ৪৮০ আসনের বিপরীতে বসবাস করছেন প্রায় সাতশ শিক্ষার্থী। তাই ছাত্রীদের আবাসন সংকট নিরসনে ২০১৪ সালে শুরুর দিকে চার তলাবিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
ওই ভবন নির্মাণের শুরুতে রিগ মেশিনের মাধ্যমে মাটির নিচে পিলার ঢোকনোর সময় কম্পনে পুরাতন ভবনের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে।
“এতে ছাত্রীরা আতংকিত হয়েছে পড়েছে। তাই নিরাপত্তার জন্য তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।একইসঙ্গে ২১ দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়।”
তবে পরীক্ষার্থীদের ইন্টার্ন হোস্টেলে অবস্থান করতে বলা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, কলেজ প্রশাসনের আকস্মিক এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন আবাসিক ছাত্রীরা।
হরতাল-অবরোধের মধ্যে ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা করায় বাড়ি ফেরা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
চট্টগ্রাম থেকে আসা হৈমন্তী নামে এক শিক্ষার্থী বলেন, বাস চলাচল এমনিতেই বন্ধ। যেতে হলে লঞ্চে যেতে হবে। কিন্তু লঞ্চের টিকিট পাওয়াও তো কষ্টকর।
ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের মেডিকেল কলেজ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাইফুজ্জামান জানান, এ নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে গত বছরের ১৬ মার্চ। ২২৫টি পিলারের মধ্যে ১৪৫টি মাটির নিচে ঢোকানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বাকি কাজ শেষ হবে।
