গ্রাহকের ঝগড়া থামাতে আহত ব্যাংক কর্মকর্তা
সিলেট নগরীতে সৌদী আরব গমনেচ্ছুদের ঝগড়া থামাতে গিয়ে আহত হয়েছেন সোনালী ব্যাংকের এক কর্মকর্তা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আম্বরখানা এলাকায় সোনালী ব্যাংকের জোনাল অফিসে এ ঘটনা ঘটে।
আহত আইয়ূব আলী ওই শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আইয়ূব আলীর দাবি, বিশৃঙ্খলা থামাতে গেলে ফরম সংগ্রহকারীরা তার মাথায় আঘাত করলে তিনি আহত হন।
তবে, পুলিশ বলছে- কাউন্টারের কাচ ভেঙে মাথায় আঘাত লাগায় তিনি রক্তাক্ত জখম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে সৌদী আরবে যাওয়ার জন্য নিবন্ধন ফরম সংগ্রহকারীরা মঙ্গলবার সকাল থেকে আম্বরখানা এলাকায় সোনালী ব্যাংকে ভিড় করেন।
এক পর্যায়ে ফরম সংগ্রহকারীদের সংখ্যা বেড়ে গিয়ে লাইন ব্যাংক থেকে শুরু করে পাশের গলি পর্যন্ত বিস্তৃত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে লাইন ভেঙে কয়েকজন ব্যাংকের ভেতর গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এ সময় বিশৃঙ্খলা থামাতে যান ডিজিএম আইয়ূব আলী।
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, বিশৃঙ্খলা থামাতে গেলে কাউন্টারের একটি কাচ ভেঙে ডিজিএম আইয়ূব আলীর মাথায় পড়লে কেটে গিয়ে তিনি সামান্য আহত হন।
পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলেও জানান ওসি আসাদুজ্জামান।
এ ব্যাপারে আইয়ূব আলী বলেন, বিশৃঙ্খলা থামাতে গেলে ফরম সংগ্রহকারীরা তার মাথায় আঘাত করায় তিনি আহত হয়েছেন।
তবে, তিনি থানায় কোনো অভিযোগ করেননি বলে জানান।
