মাদারীপুরে লক্ষ্যভ্রষ্ট হামলা, পেট্রোল বোমা উদ্ধার
মাদারীপুরের শিবচরে যানবাহনে লক্ষ্যভ্রষ্ট হামলার পর পেট্রোল বোমা ও পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে এ হামলায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শিবচর থানার ওসি আবদুস সাত্তার জানান, উপজেলার কাওড়াকান্দি ঘাট সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা।
বোমা দুটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মহাসড়কে পড়ে আগুন ধরলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি
ওসি বলেন, “এ ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের পাশের একটি কলাবাগান থেকে দুটি পেট্রোল বোমা ও দুটি বোতলে তিন লিটার পেট্রোল উদ্ধার করেছে।
“এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কেউ যদি এদের ধরিয়ে দিতে পারে তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
