নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নড়াইলের কালিয়া উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার সকালে উপজেলার বড়নাল স্কুল মাঠে এ সংঘর্ষ হয় বলে কালিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান।
এ ঘটনায় জড়িত অভিযোগে বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিহত এনামুল হক (৩২) ওই ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মতিয়ার বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান মনিরুলের সঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নিহত এনামুল মুক্তিযোদ্ধ নজরুলের সমর্থক ছিলেন বলে জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, “বিনা কারণে সকালে চেয়ারম্যানের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তাদের গুলিতে এনামুল ঘটনাস্থলে মারা যান।”
