কাপাসিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
গাজীপুরের কাপাসিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আমির উদ্দিন (৫৫) কাপাসিয়া উপজেলার আড়ালিয়া নয়াপাড়া এলাকার আশ্রাব আলীর ছেলে। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমির বিভিন্ন বাজারে ইদুর-তোলাপাকার ওষুধ ফেরি করে বিক্রি করতেন।
সোমবার রাতে তিনি বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বয়াতী গান শুনতে গিয়েছিলেন। ফেরার পথে রাতের কোনো এক সময় আড়ালিয়া বটতলা এলাকায় তার ওপর হামলা হয় বলে পুলিশের ধারণা।
ওসি বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমিরকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
আমির বাদী হয়ে সম্প্রতি স্থানীয় জসিম উদ্দিনের বিরুদ্ধে মারামারির একটি মামলা করেছিলেন। তার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ওসি ধারণা করছেন।
