২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলো থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সমাবর্তন আয়োজনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 01:41 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার সকাল ১০টা খেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে সমাবর্তন ঘোষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

তা না হলে আগামী ১০ মার্চ কলেজগুলোতে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে শিক্ষার্থী বিপুল কুমার বল বলেন, “এই একমাস আমরা গণস্বাক্ষর ও সুপারিশমালা সংগ্রহ করব। দাবি মানা না হলে ১০ মার্চ মানববন্ধন ও ক্লাস বর্জন এবং ১৮ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হবে।”

ওইদিন সংগৃহীত গণস্বাক্ষর ও স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বরাবরে পাঠানো হবে।

বাংলাদেশে শিক্ষার্থী সংখ্যার বিচারে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আওতায় সরকারি-বেসরকারি মিলিয়ে ২ হাজার ১৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৫৫৭টি কলেজে স্মাতক (সম্মান) কোর্স পড়ানো হয়।

এসব কলেজে প্রায় ২১ লাখ শিক্ষার্থী স্মাতক (পাস), স্মাতক (সম্মান) ও স্মাতকোত্তর পড়াশুনা করছে।

১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সমাবর্তন হয়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও তারা সমাবর্তন থেকে বঞ্চিত।

মানববন্ধনে চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্দ মুহসিন কলেজ, সরকারি কর্মাস কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, পটিয়া কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ ও রাঙ্গামাটি সরকারি কলেজ এবং চট্টগ্রামের বেসরকারি কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী রুহিয়া ফেরদৌসি, রবিউল আলম, তাকরিমুল কবির, ফজলূল করিম, শাহেদে, এমদাদ প্রমুখ।