গাইবান্ধায় দুই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পণ্যবাহী দুটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে অবরোধ সমর্থকরা। এতে কেউ হতাহত হননি।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধাপেরহাট চণ্ডীপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ওই ঘটনা ঘটে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জালাল উদ্দিন জানান।
পেট্রোল বোমা ছোড়ার পরপর চালক ও তার সহকারী ট্রাক থেকে দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি বলে জানান তিনি।
এসআই জালাল বলেন, সার ও ইস্পাতের পাত নিয়ে গাইবান্ধা থেকে রংপুর যাওয়ার পথে ট্রাক দুটিতে হামলা হয়।
এতে সার বোঝাই ট্রাকের সামনের কিছু অংশ এবং ইস্পাত বোঝাই ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
