মোহাম্মদপুরে বাসে হাতবোমায় একজন আহত
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে অবরোধ সমর্থকদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে এক বাসযাত্রী আহত হয়েছেন।
আহত আমিনুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
তিনি বলেন, মঙ্গলবার ভোরে চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে গাবতলী থেকে বেড়িবাঁধের দিকে যাচ্ছিলেন আমিনুল।
ভোর ৫টার দিকে বেড়িবাঁধ লোহারগেট এলাকায় পৌঁছালে বাসটিতে হাতবোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা।
আমিনুলের শরীরের কয়েক জায়গায় হাতবোমার স্প্লিন্টার লেগেছে বলে জানান তিনি।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের অবরোধ শুরুর পর বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
