২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি গমনেচ্ছুদের ভিড় চট্টগ্রামে, নিবন্ধন ঢাকায়

সৌদি আরবে কর্মী পাঠাতে নিবন্ধন করা হবে- এমন ধারণার ভিত্তিতে চট্টগ্রামের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ভিড় জমায় কয়েকশ মানুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার দুপুর পর্যন্ত কার্যালয়ে অপেক্ষমাণ থাকার পর কার্যালয়ের কর্মকর্তাদের অনুরোধে তারা ফিরে যান।

তবে সোমবার থেকে ঢাকার ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় সৌদি গমনেচ্ছুদের নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

চট্টগ্রামে এ ধরণের কোনো সুযোগ নেই।

বিভিন্ন গণমাধ্যমে এ ধরণের নিবন্ধনের খবর পেয়েই বন্দর নগরীর জনশক্তি কার্যালয়ে এসেছিলেন কেউ কেউ। আর অন্যরা এসেছিলেন খোঁজ নিতে এবং নিবন্ধন হবে এমন ধারণা থেকে।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে সৌদি আরব যেতে ইচ্ছুকদের নিবন্ধনের কোনো ব্যবস্থা নেই।

“নিয়মিতভাবে সৌদি আরব ছাড়া বিভিন্ন দেশের ভিসা পাওয়া বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। আজও (সোমবার) এ ধরণের ১০৪ জনের নিবন্ধন হয়েছে।”

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকশ বিভিন্ন বয়সী মানুষ সমবেত হয়েছেন। তারা সবাই সৌদি আরবে যেতে নিবন্ধন করতে ‍আগ্রহী।

এদের একজন শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পত্রিকায় দেখেছি আজ থেকে নিবন্ধন হবে। সেজন্য এসেছি।”

আরেক বিদেশগমনেচ্ছু মো. মামুন হোসাইন বলেন, “ধারণা ছিল এখানে এলে নিবন্ধন করা যাবে। তাই আসলাম। যদি কিছু করা যায়।”

বেলা ১২টার দিকে কার্যালয়ের পক্ষ থেকে সমবেতদের জানানো হয় এখানে সৌদি আরবে গমনেচ্ছুদের নিবন্ধনের কোনো ব্যবস্থা নেই।

এদিকে বিদেশ গমনেচ্ছুদের উপস্থিতির পর এ বিষয়ে নির্দেশনা চেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বরাবর চিঠি লেখা হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, সামাজিক-ধর্মীয়, অর্থনৈতিক ও ঐতিহ্যগত কারণে এ অঞ্চলের অধিবাসীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেতে অধিক আগ্রহী। এ কারণে বিকল্প কোনো ব্যবস্থায় সৌদি আরবে গমনেচ্ছুদের নিবন্ধনের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয় চিঠিতে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, “বিদেশ গমনেচ্ছুদের আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু অনেকের ধারণা নিবন্ধন করলেই তারা চলে যেতে পারবেন।

“এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর নীতিমালা প্রণয়ন করতে হবে। তারপর নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে নির্দেশনা আসবে।”

জহিরুল আলম বলেন, যখনই চট্টগ্রাম জেলা কর্মসংস্থান কার্যালয়ে নিবন্ধনের বিষয়ে কোনো নির্দেশনা মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে তখনই তা গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানানো হবে।

জেলা জনশক্তি কার্যালয়ে সূত্র মতে, চট্টগ্রামের ১৫ লাখের বেশি অধিবাসী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে।

এর অধিকাংশই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রুয়েছেন।