পুকুরে ব্যবসায়ীর লাশ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি মসজিদের পুকুর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর আহমদ খন্দকার জানান, সোমবার সকাল ১১টার দিকে আজমিরীগঞ্জ বাজারের মসজিদের পুকুর থেকে নান্টু দেবনাথের (৪৫) লাশ উদ্ধার করা হয়।
নান্টুর বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভাটি রাজিবপুর গ্রামে। আজমিরীগঞ্জ বাজারে দয়াল হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি নামে তার একটি দোকান রয়েছে।
ওসি তৈমুর পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন নান্টু। সোমবার সকালে বাজারের মসজিদের পুকুরে তার লাশ পাওয়া যায়।
এ সময় লাশের গলায় প্রায় ৪০ কেজি ওজনের লোহার রড বাঁধা ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
কারা কী কারণে নান্টুকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ওসি তৈমুর।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নান্টু সহজ সরল জীবনযাপন করতেন। কারও সঙ্গে তার বিরোধ ছিল না। তবে তার দোকানের আশপাশে নেশাখোরদের আড্ডা থাকায় এ ঘটনার পেছনে তারাও জড়িত থাকতে পারে সন্দেহ করছেন অনেকেই।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি তৈমুর আহমদ খন্দকার।
